Women's wing affiliated with Bangladesh Nationalist Party - BNP bnpbd.org ↗

বাংলাদেশ জাতীয়তাবাদীমহিলা দল
News

নারীদের যথাযথ মূল্যায়ন করা হলে দেশ দ্রুত এগিয়ে যাবে: আফরোজা আব্বাস

নারীদের যথাযথ মূল্যায়ন, মর্যাদা ও নেতৃত্বের সুযোগ নিশ্চিত করা হলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের অবদান যথাযথভাবে মূল্যায়িত না হলে হতাশা তৈরি হয়। নারীদের প্রাপ্য সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা হলে দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে এবং মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

আজ শনিবার দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র‍্যালি বের করা হয়।

আফরোজা আব্বাস বলেন, দেশের প্রয়োজন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নারীরা ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় থেকেছেন। তাঁদের শ্রম, ত্যাগ ও অবদানকে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন। দেশের গুরুত্বপূর্ণ সময়ে নারীদের ভূমিকা স্বীকৃতি পাওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আশা প্রকাশ করেন, নারীদের রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক অবদান বিবেচনায় নিয়ে তাঁদের প্রাপ্য সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা হবে।

আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য প্রসঙ্গে মহিলা দলের সভাপতি বলেন, নারীর অধিকার, সমতা, রাজনৈতিক অংশগ্রহণ ও উন্নয়নের সুযোগ নিশ্চিত করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। নারীর ক্ষমতায়নকে বাস্তবে রূপ দিতে হলে শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।

আফরোজা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের উন্নয়ন ও অগ্রগতির বাইরে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। এ কারণে নারীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের শ্রম ও দক্ষতা দেশের অর্থনৈতিক অগ্রগতিকে এগিয়ে নিচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নারীর ক্ষমতায়নে ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়টি উল্লেখ করে আফরোজা আব্বাস এ উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দলের সাবেক সভাপতি নুরী আরা সাফা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

এ সময় বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি নিলুফার চৌধুরী মনি ও জাহান পান্না, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাহানা আকতার সানু, দপ্তর সম্পাদক শাহীনুর নার্গিস, আন্তর্জাতিক সম্পাদক মমতাজ আলম, মহিলা দলের মহানগর উত্তর শাখার সভাপতি রুনা লায়লা এবং মহানগর দক্ষিণ শাখার সভাপতি রুমা আক্তার।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে র‌্যালিটি বের হয়। এটি নাইটিঙ্গেল মোড় ও কাকরাইল মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আন্তর্জাতিক নারী দিবসের এ কর্মসূচিতে নারীর মর্যাদা, অধিকার, ক্ষমতায়ন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাঁদের কার্যকর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

Share:

Join the movement for women's rights & democracy

Become a member of Bangladesh Jatiyatabadi Mohila Dal and stand with the women of Bangladesh.