Women's wing affiliated with Bangladesh Nationalist Party - BNP bnpbd.org ↗

বাংলাদেশ জাতীয়তাবাদীমহিলা দল
Organizational Activities

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয়তাবাদী মহিলা দলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার কার্পাসডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে কয়েক হাজার নারী নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জাতীয়তাবাদী মহিলা দল দামুড়হুদা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান।

দামুড়হুদা উপজেলা মহিলা দলের সভানেত্রী ছালমা জাহান পারুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভানেত্রী রউফুল নাহার রীনা, সহসভাপতি শেফালি খাতুন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির এবং সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বলেন, বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিতে নারীর উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারীসমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত রাখা এবং তাদের অগ্রযাত্রা নিশ্চিত করার লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর ক্ষমতায়ন এবং পরিবারের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। নারীর সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি এবং জীবনমান উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মাহমুদ হাসান খান বলেন, ভোটের মাধ্যমে কোনো দল কাউকে বেহেশতের টিকিট দিতে পারে না; তবে জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে উপস্থিত নারী নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার প্রত্যয় নিয়ে সমাবেশে অংশ নেন।

Share:

Join the movement for women's rights & democracy

Become a member of Bangladesh Jatiyatabadi Mohila Dal and stand with the women of Bangladesh.