সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন তানজিন চৌধুরী লিলি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তানজিন চৌধুরী লিলি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি এবং গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব।
তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। তাঁর রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং মামলা ও কারাবরণের অভিজ্ঞতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তানজিন চৌধুরী লিলির মনোনয়নপত্র সংগ্রহের খবরে ময়মনসিংহের গৌরীপুরসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল বলেন, তানজিন চৌধুরী লিলি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। দল তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক অবদান বিবেচনায় নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর তানজিন চৌধুরী লিলি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি সব সময় সক্রিয় থাকার চেষ্টা করেছি। দল আমার শ্রম ও ত্যাগের মূল্যায়ন করবে বলে আমি আশাবাদী। সংরক্ষিত নারী আসনে দায়িত্ব পালনের সুযোগ পেলে নারী অধিকার রক্ষা এবং নিজ এলাকার উন্নয়নে আত্মনিয়োগ করব।”
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে তানজিন চৌধুরী লিলির এই পদক্ষেপ তাঁর রাজনৈতিক জীবনের একটি উল্লেখযোগ্য উদ্যোগ। দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় তাঁর আবেদন বিবেচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বিএনপি।



