আশুলিয়া থানা মহিলা দলের আংশিক কমিটি অনুমোদন, সভাপতি জ্যোৎস্না আক্তার ও সম্পাদক মাহফুজা বেগম পলি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আশুলিয়া থানা শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা জেলা মহিলা দল। নবগঠিত কমিটিতে জ্যোৎস্না আক্তারকে সভাপতি এবং মাহফুজা বেগম পলিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা জেলা শাখার পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে শিউলী আক্তারকে সিনিয়র সহসভাপতি, শারমিন ফেরদৌসকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নাজমা আক্তারকে সাংগঠনিক সম্পাদক, মাকসুদা হেনা রুবিকে প্রচার সম্পাদক এবং রহিমা বেগমকে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম ও সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার স্বাক্ষরিত অনুমোদনপত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঢাকা জেলা মহিলা দলের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি জ্যোৎস্না আক্তার ও সাধারণ সম্পাদক মাহফুজা বেগম পলি তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁরা এ দায়িত্ব দেওয়ায় ঢাকা জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানান।
তাঁরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আশুলিয়া থানা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন।
এ বিষয়ে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম বুধবার দুপুরে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে সক্রিয় থাকা এবং বিভিন্ন সময়ে ত্যাগ স্বীকার করা নেত্রীদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেত্রীরা দলীয় নিয়মনীতি অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির নেত্রীদের সমন্বিত উদ্যোগ, সাংগঠনিক দায়িত্বশীলতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে আশুলিয়া থানা মহিলা দলের কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



